ঢাকায় সংবাদ সম্মেলন

হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি চেয়ারম্যানের

আপডেট : ১৭ মে ২০২৪, ০৬:০১ এএম

গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় ঘটে যাওয়া হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ গড়া এবং বেকারত্ব দূরীকরণসহ তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে হত্যাকা- নিয়ে কথা বলেছেন নতুন উপজেলা চেয়ারম্যান লুটুল।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি শফিকুর রহমান টুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশারুল হক লিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ, গোবরা ইউপির প্যানেল চেয়ারম্যান কাজী সালাউদ্দিন প্রমুখ।

লিখিত বক্তব্যে লুটুল বলেন, ‘গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গেলে আমি দিনব্যাপী সেখানেই সময় দিয়েছি। ১২ মে রাতে ব্যবসায়িক কাজে আমি ঢাকায় চলে আসি।’

গোপালগঞ্জে নির্বাচন-পরবর্তী কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘কিন্তু অতি দুঃখের বিষয় গত ১৪ মে আমার নিজ গ্রামে মুরব্বিদের সামনে ধূমপান করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথাকাটাকাটির জের ধরে হত্যার ঘটনা ঘটে। আমি জানতে পারি একটি স্বার্থান্বেষী মহল প্রতিহিংসাপরায়ণ হয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে।’ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লুটুল বলেন, ‘এতে করে প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যেতে পারে।’

নিহত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি তিনি প্রতিহিংসার রাজনীতি ছেড়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত