শাহরুখের দল নাইট রাইডার্সে ফিরলেন সাকিব

আপডেট : ১৭ মে ২০২৪, ১০:০৯ পিএম

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দুই শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স বলিউড বাদশা শাহরুখ খানের দল। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) শাহরুখের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে নাম লিখিয়েছেন সাকিব।

আজ (শুক্রবার) নিজেদের সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। তারা লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সঙ্গে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন। শীঘ্রই দেখা হচ্ছে, সাকিব।’

নাইট রাইডার্সের অধীনে আইপিএলে কেকেআর, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স ও আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স খেলে আসছে।

মেজর লিগ ক্রিকেটের ২০২৩ আসরে শেষে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল শাহরুখের দল। সাকিব ছাড়াও আগে থেকেই লস অ্যাঞ্জেলস স্কোয়াডে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জেসন রয়ের মতো বিদেশি তারকারা।

বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে শুরু হওয়ার কথা মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম।

কলকাতার হয়েই আইপিএলে অভিষেক হয়েছিল সাকিবের। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন সাকিব। এরপর ২০২১ সালেও খেলেন কলকাতার হয়ে।

এরপর আর আইপিএলে দেখা যায়নি সাকিবকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত