ভারত থেকে অস্ত্র

ইসরায়েলগামী জাহাজ ভিড়তে দেয়নি স্পেন

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:৩১ এএম

অস্ত্র নিয়ে ইসরায়েলগামী একটি জাহাজ স্পেনের একটি বন্দরে সাময়িক সময়ের জন্য নোঙর করতে চেয়েছিল। কিন্তু স্পেন সরকার অনুমতি দেয়নি। স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, অস্ত্রের চালান বহন করা জাহাজটি ডেনমার্কের পতাকাবাহী। এতে ২৭ টন বিস্ফোরক উপাদান রয়েছে। ভারতের চেন্নাই বন্দর থেকে জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছে।

গত বৃহস্পতিবার ব্রাসেলসে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেজ সাংবাদিকদের বলেন, এবারই প্রথম আমরা এমনটা করেছি। কেননা, এবারই প্রথম আমরা এমন একটি জাহাজ শনাক্ত করেছি, যেটি ইসরায়েলের জন্য অস্ত্রের চালান বহন করছিল এবং জাহাজটি আমাদের কোনো বন্দরে ভিড়তে চেয়েছিল। মধ্যপ্রাচ্যের আরও অস্ত্রের প্রয়োজন নেই বরং সেখানে শান্তি দরকার এমন মন্তব্য করে জোসে ম্যানুয়েল আলবারেজ বলেন, ইসরায়েলের জন্য অস্ত্রের চালান নিয়ে যাওয়া কোনো জাহাজ স্পেনের বন্দর ব্যবহারের আবেদন করলে আমাদের সরকার নিয়মতান্ত্রিকভাবে তা প্রত্যাখ্যান করবে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অস্ত্রের চালান বহন করা জাহাজটির সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে দেশটির সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, অস্ত্রের চালান বহন করা জাহাজটি ভারতের চেন্নাই বন্দর থেকে ছেড়ে এসেছে। সেটি ভারতের সিদ্ধার্থ লজিস্টিক কোম্পানির পাঠানো চালান নিয়ে হাইফা বন্দরে যাচ্ছে। সেখানে ইসরায়েল কার্গো লেজিস্টিক কোম্পানির চালানটি গ্রহণ করার কথা। 

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার জানাচ্ছে, এর আগেও ভারত থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদের চালান ইসরায়েলে গিয়েছে। গত ১৪ এপ্রিলও দেশটির সরকারি প্রতিষ্ঠান মিউনিশন ইন্ডিয়া লিমিটেড ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমতি চেয়ে দ্বিতীয় দফায় আবেদন করে। এ ছাড়া প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিডেট ইতিমধ্যে অস্ত্র রপ্তানির অনুমতি পেয়েছে। গাজা যুদ্ধ শুরুর হওয়ার পর তারা দুই দফায় গোলাবারুদ পাঠিয়েছে ইসরায়েলে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত