সংবাদ সম্মেলনে অলি

গণতন্ত্র ধ্বংসের জন্য ‘দায়ী ভারত সরকার’

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:৩৪ এএম

দেশের গণতন্ত্র ধ্বংস ও স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘আমি নিজে শুনেছি, কয়েক দিন আগে ভারতের কংগ্রেস সভাপতি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা পাকিস্তানকে দুই টুকরো করে তাদের দুর্বল করে দিয়েছি। তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায়, বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। গত কয়েক বছর ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে।’ গতকাল শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করল।

অলি আহমদ বলেন, ‘ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বিরূপ মন্তব্য নেই। আমাদের প্রত্যাশা থাকবে, ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক করা থেকে বিরত থাকবে বরং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে।’

সংবাদ সম্মেলনে অলি আহমদের পাশেই বসা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। অন্যদের মধ্যে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত