নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন : মাশরাফী

আপডেট : ২০ মে ২০২৪, ০৬:৪৩ এএম

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়াসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ চেয়েছেন মাশরাফী।

গত শনিবার দুপুরে মাশরাফীর বিরুদ্ধে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগ এনে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান।

এ নিয়ে শনিবার রাতে মাশরাফী গণমাধ্যমকে জানান, তিনি নড়াইলে  নিহত আওয়ামী লীগ নেতা, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি তাদের সমবেদনা জানানোর পাশাপাশি জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া কোনো প্রার্থীর পক্ষে ভোট চাওয়া তো অনেক দূরের ব্যাপার, কোনো কারণেই বাড়ির বাইরে কোথাও কোনো নেতাকর্মী বা লোকজনের সঙ্গে দেখা করেননি।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগের সপক্ষে প্রমাণের বিষয়ে কিছু না জানিয়েই বলেন, ‘প্রোগ্রামে আছি। প্রোগ্রাম বাদ দিয়ে কি আপনার সঙ্গে কথা বলব?’ পরে তিনি ফোনটি কেটে দেন।

নড়াইল সদর উপজেলা এবং লোহাগড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল বলেন, ‘শুধু আজকের অভিযোগই নয়, তোফায়েল মাহমুদ এ পর্যন্ত সাতটি অভিযোগ দিয়েছেন। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে সব প্রার্থীকেই গুরুত্ব দিয়ে অভিযোগ আমলে নিয়ে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত