সুনামগঞ্জের চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরের দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের পুত্র দুলন মিয়া (২৮). বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র কদ্দুস মিয়া।
জানা যায়, প্রতিদিনের মত সকালে দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে ছোট নৌকা দিয়ে বালু উত্তোলন করতে যায় ৫ জন শ্রমিক। বালু উত্তোলনের সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সে সময় নৌকা নিয়ে শ্রমিকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান দেশ রূপান্তর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আমরা আইনগত সকল প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করব।
