বিজেপি প্রার্থীকে একাই ৮ ভোট, ভিডিও ভাইরাল

আপডেট : ২০ মে ২০২৪, ০৫:৪০ পিএম

ভারতের উত্তরপ্রদেশের একটি ভোটকেন্দ্রে বিজেপি প্রার্থীকে একাই ৮ ভোট দিয়ে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। বিজেপি প্রার্থীকে জাল ভোট দেওয়ার ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নিয়ে সরব হয় বিরোধী শিবির। এরপরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাল ভোটের ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তের কঠিন শাস্তি চেয়ে সরব হয় সপা ও কংগ্রেস। ভিডিওটি যে ভোটকেন্দ্রে করা হয়, সেখানে বিজেপি প্রার্থী মুকেশ রাজপুত। এ ঘটনায় নয়া গাঁও থানায় এফআইআর দায়ের করে পুলিশ।

অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়। তার ভিত্তিতেই গ্রেপ্তার হন যুবক। অপরদিকে নির্বাচন কমিশনও এ ঘটনায় ব্যবস্থা নিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি তাদের চোখে পড়েছে। সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। যে সব কর্মকর্তারা ওই বুথের দায়িত্বে ছিলেন তাদের বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক দফায় দফায় ভোটকেন্দ্রে ঢুকছেন এবং বিজেপিকে ভোট দিচ্ছেন। পরপর ৮ বার এই কাণ্ড করেন তিনি। এমনকি ভোট দেওয়ার সেই ভিডিও নিজেই ক্যামেরাবন্দি করেন। প্রতিবার ভোট দিয়ে নিজেই জানান কতবার ভোট দিচ্ছেন। ভিডিওতে দেখা যায় ভোটকেন্দ্রে ঢোকার সময় জামা বদলে এসেছেন ওই যুবক, যাতে নির্বাচনী কর্মকর্তারা তাকে চিনতে না পারেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত