সৌদি পৌঁছেছেন ২ লাখ ৬৭ হাজার হজযাত্রী

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:৪১ পিএম

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সারা বিশ্ব থেকে দুই লাখ ৬৭ হাজার ৬৫৭ জন মুসল্লি সৌদি আরব পৌঁছেছেন। স্থল, আকাশ ও সমুদ্রপথে সৌদি গিয়েছেন তারা। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি গেজেট জানিয়েছে, হজযাত্রীরা বেশিরভাগই আকাশপথ ব্যবহার করেছেন।

চলতি মৌসুমে হজযাত্রীদের যাতায়াত সহজ করতে অনলাইন প্ল্যাটফর্মগুলো শক্তিশালী করেছে জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট। এজন্য স্থল, আকাশ ও সমুদ্রপথে উন্নত প্রযুক্তির যন্ত্র ছাড়াও রাখা হয়েছে বিভিন্ন ভাষায় দক্ষ অভ্যর্থনাকারীদের। 

বাংলাদেশে চলতি মৌসুমে হজের নিবন্ধন শুরু হয় গত বছরের ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর পর্যন্ত চলে। হজে গমনেচ্ছুদের প্রত্যাশিত সাড়া না পেয়ে সর্বশেষ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত