কানে ইতিহাস গড়ল জাপানের স্টুডিও জিবলি

আপডেট : ২২ মে ২০২৪, ১২:৪২ এএম

ব্যক্তির বাইরে এবারই প্রথম কোনো প্রতিষ্ঠানকে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম দেওয়া হলো। চার দশকের বেশি সময় ধরে সব বয়সী দর্শকদের মুগ্ধ করা অসাধারণ কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করায় এই সম্মাননায় ভূষিত হয়েছে জাপানের স্টুডিও জিবলি।

পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে হায়াও মিয়াজাকির ছেলে গোরো মিয়াজাকি, স্টুডিও জিবলি, জিবলি মিউজিয়াম ও জিবলি পার্কের পক্ষ থেকে সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণ করেছেন। তার হাতে এটি তুলে দেন এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে থাকা স্প্যানিশ পরিচালক হুয়ান আন্তোনিও বায়োনা। মঞ্চে তখন ছিলেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি ইরিস নোব্লোক।

এ সময় থিয়েরি ফ্রেমো বলেন, ‘আজ সবাই এখানে এসেছি কারণ আমরা জাপানি অ্যানিমেশনে বুঁদ হয়ে আছি। প্রথমবারের মতো ইরিস নোব্লোক ও আমি কোনো সৃজনশীল ব্যক্তির পরিবর্তে একটি স্টুডিওকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কী দারুণ একটি স্টুডিও! গোরো মিয়াজাকির প্রতিনিধিত্ব করা স্টুডিও জিবলিকে এটি দিচ্ছি!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত