দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে ভালো না বললেও সন্তোষজনক দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও নামিদামি বুদ্ধিজীবীদের অপপ্রচারের কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার অংশগ্রহণ ৩০ শতাংশের বেশি। আগামীকাল প্রকৃত টার্ন আউটের (ভোটগ্রহণের হার) বিষয়টি আমরা জানতে পারব।’
উপজেলা ভোট প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা বলছেন ভোটাররা ভোট দিতে ভুলে গেছেন, কেন্দ্রে আসেননি তারা এ কথা ভুলে গেছেন যে এটা স্থানীয় সরকার নির্বাচন।
জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪২ শতাংশের বেশি উল্লেখ করে ওবায়দুল কাদের এ বিষয়ে বিএনপির আমলে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের উদাহরণ দেন। তিনি বলেন, বিবিসি বলেছিল ৫ শতাংশ টার্ন আউট হয়েছে। তখন সরকারিভাবে নির্বাচন কমিশন ২১ শতাংশ বলেছিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।
