নাশকতার মামলা

এটিএম আজহারসহ জামায়াত-বিএনপির ১১ জনের কারাদন্ড

আপডেট : ২২ মে ২০২৪, ০৬:২৮ এএম

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত এ টি এম আজহারুল ইসলামসহ জামায়াত ও বিএনপির ১১ নেতাকর্মীকে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।

প্রায় ১৪ বছর আগের একটি নাশকতার মামলায় তাদের দুই বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় দেন।

দন্ডিত অন্য আসামিদের মধ্যে আছেন মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ,মোহাম্মদ ফিরোজ। অন্য দন্ডিতদের নাম জানা যায়নি। তারা সবাই বিএনপি-জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

রায়ে আসামিদের দন্ডবিধির একটি ধারায় দেড় বছর এবং আরেকটি ধারায় ছয় মাসসহ দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তবে, দুই ধারার এ সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আসামিপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম রায়ের বরাত দিয়ে জানিয়েছেন। তিনি জানান, সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজহারের আপিলের ওপর শুনানি নিয়ে ২০১৯-এর ৩১ অক্টোবর তার সর্বোচ্চ সাজা বহাল রাখে আপিল বিভাগ। পরে রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন আজহার। আবেদনটি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে আজহারকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে।

নাশকতার মামলার নথি অনুযায়ী, ২০১০ সালের ১৩ নভেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। বাধা দিলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নাশকতার অভিযোগে মতিঝিল থানায় মামলা হয়। তদন্ত শেষে ১৮ জনকে অভিযুক্ত করে বিচার শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত