রকস্টার জেমসের সঙ্গে লন্ডন গেলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। এফডিসির নির্বাচন নিয়ে যে জায়েদ খান কদিন আগেও নিবিষ্ট ছিলেন সেই জায়েদ খানের কদর যেন হঠাৎ করেই দেশে-বিদেশে বেড়ে গেল। কদিন আগেও অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন মাতিয়ে এলেন। আর এবার উড়াল দিলেন হিথরোর পথে। তাও দেশের শীর্ষ রকস্টার মাহফুজ আনাম জেমসের সঙ্গে বিজনেস ক্লাসে। বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে। জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কিংবদন্তি এই শিল্পী। দুই দিনব্যাপী আয়োজনের উপস্থাপনা করবেন জায়েদ খান। আর দু’দিনই মঞ্চ মাতাবেন জেমস। তিনি ছাড়াও থাকবেন সংগীতশিল্পী প্রতীক হাসানসহ আরও কয়েকজন তারকা।
‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না। বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা নিতে ও দিতে আমাকে দেশের বাইরে নিয়মিত যেতে হচ্ছে। সেখানে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তা অতুলনীয়। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।’
জায়েদ খান বলেন, ‘অনেক আগেই লন্ডনে শোয়ের প্রস্তুতি নিয়েছি। অনেক দিন আগে শোটি চূড়ান্ত করা হয়। পারফরম করার পাশাপাশি পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করব। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আমার উপস্থাপনায়। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দেশে ফিরে আবার সিনেমা ও শোয়ের কাজ করব। সব মিলিয়ে ব্যস্ততা বেশ উপভোগ করছি।’
নগর বাউলখ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে। এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন। এছাড়া ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আয়োজন করা হয়েছে মেলার।
