কানের রেড কার্পেটে ফিলিস্তিনের পতাকা!

আপডেট : ২৩ মে ২০২৪, ১২:৪০ এএম

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে একদিন আগেই দেখানো হয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘রিউমারস’।

তবে সেই ছবির জন্য নয়, বিশ্বব্যাপী নতুন করে কেট ব্ল্যানচেট আলোচনায় এলেন অন্য কারণে! কানের লাল গালিচায় হেঁটেছেন অস্ট্রেলিয়ান এই তারকা অভিনেত্রী। তার এই উপস্থিতিই যেন অন্যরকম এক প্রতিবাদ হয়ে ঝড় তুলল গোটা বিশ্বে! কারণ, তিনি পোশাকের সঙ্গে জড়িয়ে নিয়েছেন ফিলিস্তিনের পতাকা! কীভাবে? না, তিনি সরাসরি ফিলিস্তিনের পতাকায় নিজের পোশাক তৈরি করেননি। বরং তার জন্য অন্যরকম এক টেকনিক ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছেন!

ফিলিস্তিনের পতাকায় চারটি রঙ, কিন্তু কেট যে গাউনটি পরে লাল গালিচায় দাঁড়ান- তার রং তিনটি। কালো, সাদা, সবুজ! গাউনের সামনের দিকটা পুরোটা কালো, পেছনে সাদার মতো বেবি পিঙ্ক আর ট্রেইলের ভেতরের অংশে সবুজ। লাল রঙটা কি তবে নেই? টেকনিকটা কেট ব্ল্যানচেট সেখানেই কাজে লাগিয়েছেন!

যে লাল রঙের ওপর তিনি দাঁড়িয়ে ফটোসাংবাদিকদের পোজ দিচ্ছিলেন, সেইটাকেই মুহূর্তে ফিলিস্তিনের পতাকার রঙ করে দিলেন! উপস্থিত সবাই অবাক হন! মূলত ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা দিতেই এই কাণ্ডটি ঘটান কেট!

অভিনয়ের বাইরে বরাবরই একজন মানবাধিকারকর্মী কেট ব্ল্যানচেট। শুধু নারী অধিকার নয়, যেকোনো যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার এই অভিনেত্রী। গেল বছরের শেষ দিকে গাজায় ইসরায়েলে সংঘাতের বিরুদ্ধেও তিনি আওয়াজ তুলেন। যুদ্ধ থামাতে অপরাপর সচেতন হলিউড তারকাদের সঙ্গে তিনিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত