‘এমপি আনার হত্যার পরিকল্পনা হয় ঢাকায়, বাস্তবায়ন কলকাতায়’

আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:১৬ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করা হয়ে বাংলাদেশেই। ঢাকার দুটি বাসায় দুই-তিন মাস আগে থেকেই এই পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে কলকাতায়।

আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, আনোয়ারুল আজীম আনারকে হত্যার পরিকল্পনা হয় দুই থেকে তিন মাস আগে। ঢাকায় পুলিশের নজরদারির কারণে হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে। রাজধানীর দুটি বাসায় এই হত্যার পরিকল্পনা করা হয়।

তিনি বলেন, বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলেই অপরাধীরা কলকাতা বেছে নেয়। বাংলাদেশের মাটিতে অপরাধ করার সাহস পায়নি। তবে তারা এ হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকতে পারেনি। আমরা তিনজকে গ্রেপ্তার করেছি। আরও কয়েকজনকে নজরাদিতে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আনোয়ারুল আজীম আনারের বন্ধু আখতারুজ্জামান শাহীন। বাস্তবায়ন করে আমান উল্লাহ, তবে তার আসল নাম শিমুল বলেও তিনি উল্লেখ করেন।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ২২ মে তাকে খুন করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। গত ১৩ মে নিউ টাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন করা হয় আনারকে। প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর সেই বডি টুকরো টুকরো করা হয়। তিন দিন ধরে বডির পার্ট সরানো হয়। ১৪, ১৫ ও ১৮ মে বডির পার্ট সরানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত