বিবৃতিতে ফখরুল

এখন আরও বেশি বেসামাল আওয়ামী শাসকগোষ্ঠী

আপডেট : ২৪ মে ২০২৪, ০৫:৫৮ এএম

বর্তমান সরকারের জনভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেজন্যই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে বলে তিনি মনে করেন।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে জনগণও কিন্তু অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।’

তিনি বলেন, ‘জনভিত্তিহীন সরকার কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন এ সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।’ জামিন নামঞ্জুর করে ফাহিমকে কারাগারে পাঠানোর ঘটনা তারই ধারাবাহিকতা বলে মনে করেন তিনি।

এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রাইম মিনিস্টারস ম্যান’ খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশনে (নিষেধাজ্ঞা) সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে।’

তিনি বলেন, ‘বিজিবির সবই লেথাল (প্রাণঘাতি) অস্ত্র। কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। পক্ষান্তরে তিনি (আজিজ আহমেদ) আন্দোলনরত নেতাকর্মীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন। পৃথিবীর সব সভ্য ও গণতান্ত্রিক দেশে কোনো আধাসামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন, তা আমাদের জানা নেই।’

তিনি বলেন, ‘সরকারি দলের সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফরমায়েশি রায়ে সাজা ও গ্রেপ্তারের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ যেন এখন কারবালা প্রান্তর।’

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাস, আবদুস সালাম আজাদ, সরাফত আলী সফু প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত