টি-টোয়েন্টিতে সবার আগে শততম হার বাংলাদেশের

আপডেট : ২৪ মে ২০২৪, ১২:৩৩ পিএম

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে বড় অঘটন ঘটিয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে তারা সেটিকেও ছাপিয়ে গেছে। নাজমুল হোসেন শান্তর দলকে তারা সিরিজেও হারিয়ে দিয়েছে। যে হারে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডও হয়ে গেছে বাংলাদেশের।

প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারের ‘সেঞ্চুরি’র রেকর্ড গড়ল বাংলাদেশ। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শততম হারের স্বাদ পেয়েছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হারের আগেও বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের (৯৯) চেয়ে পিছিয়ে ছিল। 

গতকাল রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ফলে তারা এখনো ৯৯-তেই দাঁড়িয়ে।

মোট ম্যাচের ৫৯.৫২ শতাংশই হেরেছে বাংলাদেশ। কমপক্ষে ১০০ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। সবার ওপরে জিম্বাবুয়ে, নিজেদের মোট ম্যাচের ৬৫.৫১ শতাংশ ম্যাচই হেরেছে তারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ৩ ম্যাচের সিরিজ এর আগে ৯ বার হেরেছে বাংলাদেশ। তবে এর কোনোটিই আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের বিপক্ষে ছিল না। যুক্তরাষ্ট্রের কাছে হারে সে অর্থে নতুন এক অভিজ্ঞতাও হলো।

বাংলাদেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ হারানো ১৫তম দল যুক্তরাষ্ট্র। সহযোগী সদস্য হিসেবে বাংলাদেশকে হারানো পঞ্চম দল তারা। বাংলাদেশকে এর আগে হারিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং ও নেদারল্যান্ডস। আয়ারল্যান্ড ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার হারায় বাংলাদেশকে, এখন তারা আইসিসির পূর্ণ সদস্য। আর স্কটিশদের বিপক্ষে দুবার খেলেও জিততে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি নিজেদের ইতিহাসে যুক্তরাষ্ট্রের মাত্র চতুর্থ দ্বিপক্ষীয় সিরিজ। গত মাসে কানাডাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দলটি। বাংলাদেশের আগে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যুক্তরাষ্ট্র ম্যাচই জিতেছিল মাত্র একটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত