নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব পরিচয়ে এক সুতা ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ধাওয়া করে রূপগঞ্জ থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে আড়াইহাজার উপজেলার পাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আড়াইহাজারের কালীবাড়ী বাজারের নিজ দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন মালিক আব্দুল বাতেন ও তার মেয়ের জামাই রানা। তারা উপজেলার পাল্লা নামক এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। এসময় তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাদের অস্ত্রের জিম্মি করে নগদ ৫৫ লাখ টাকা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে রূপগগঞ্জে দিকে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা তাদের পিছনে ধাওয়া করলে রাত ১০টার দিকে ছিনতাইকারীরা রূপগঞ্জে কাঞ্চন-রূপসী সড়কের গন্ধর্বপুর তালতলা এলাকায় সড়কের পাশে ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি রেখে টাকাসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে। এসময় গাড়ীর ভিতর থেকে র্যাব লেখা একটি প্লেট ও ৪টি ভিন্ন নাম্বারের গাড়ীর নাম্বার-প্লেট উদ্ধার করেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গাড়ী জব্দ করেছে। র্যাব লেখা একটি প্লেট ও ৪টি ভিন্ন নম্বরের গাড়ীর নাম্বার-প্লেট উদ্ধার করেছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও এ ঘটনায় জড়িত দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এএসপি।
উল্লেখ্য, গত ১৭ মে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা থেকে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাইয়ে ঘটনা ঘটে। সেই ঘটনায়ও কোন অগ্রগতি করতে পারেনি পুলিশ।
