দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসে শতাধিক মানুষ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোররাত ৩টার দিকে এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসের ওই ঘটনা ঘটে। ভয়াবহ ওই ধসে গ্রামটি প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
অস্ট্রেলিয়াভিত্তিক সম্প্রচারমাধ্যম এবিসি জানায়, রাজধানী পোর্ট মোরেসবি থেকে ওই গ্রামটি উত্তর-পশ্চিমে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। ভূমিধসের পর স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়ে। তারা ভূমিধসে নিহতের সংখ্যা ১০০ ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থানীয়দের ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ বের করে আনতে দেখা যাচ্ছে। তবে স্থানীয় কর্র্তৃপক্ষ এখনো হতাহতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি। সেখানে এখনো জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছেছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশও।
ভূমিধসের কারণে পোরগেরা শহরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে। রাস্তাটি পুনরায় মেরামত না করা পর্যন্ত স্থানীয়দের খাবার, জ¦ালানি এবং অন্যান্য নিত্যপণ্যের সংকটে থাকতে হবে।
