ভ্যাঙ্কুভারের বিপক্ষে বিশ্রামে মেসি

আপডেট : ২৫ মে ২০২৪, ০১:৫৪ পিএম

কোপা আমেরিকার ২০২৪ আসর শুরু হবে জুনের ২০ তারিখ থেকে (বাংলাদেশ সময় ২১ তারিখ সকাল)। তার আগে যুক্তরাষ্ট্রেই দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৯ জুন ইকুয়েডর ও ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে।

৯ জুনের আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির খেলা আছে ৩টি। বাংলাদেশ সময় আগামীকাল সকালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মাঠে খেলবে ইন্টার মায়ামি। ভ্যাঙ্কুভার কানাডার দল।

এরপর ৩০ মে ভোরে আটলান্টা ইউনাইটেড ও ২ জুন ভোরে সেন্ট লাইসের বিপক্ষে খেলা। দুটি ম্যাচই হবে মায়ামির মাঠ চেস স্টেডিয়ামে।

আগামীকাল ভ্যাঙ্কুভারের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মেসিকে। এই ম্যাচের জন্য ভ্রমণ তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে মেসি ছাড়াও লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসের নাম নেই।

মেসিসহ দলের অন্যতম তিন সেরা তারকা না থাকায় এরই মধ্যে ম্যাচটি উত্তাপ হারিয়েছে। মূলত ঝুঁকি এড়াতে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের ভ্রমণ থেকে সরিয়ে নিয়েছেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।

মেসিসহ শীর্ষ তারকাদের বিশ্রাম দেওয়া নিয়ে মার্তিনো বলেন, ‘আমরা বুঝতে পারছি যে অনেক সমর্থক হতাশ হবে। কিন্তু কখনো কখনো আমাদের দলের জন্য সেরাটা করতে হয়। অনুশীলনের পর কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের মধ্যে বৈঠক হয়েছে, আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি যে তারা (মেসি, সুয়ারেজ ও বুসকেটস) লম্বা এই সফরের ধকল সামলে ভ্যাঙ্কুভারে খেলতে যাবে না।’

কোপা আমেরিকা শুরুর আগে জাতীয় দলের প্রীতি ম্যাচসহ মেসির খেলা আছে ৫টি। ভ্রমণ ক্লান্তি ও বিশ্রামের কথা মাথায় রেখেই ভ্যানকুভার ম্যাচে খেলছেন না মেসি। তবে পরের দুটি ম্যাচ খেলেই জাতীয় দলে যোগ দিতে চান মেসি, এমনই খবর টিওয়াইসির।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত