ঘূর্ণিঝড় রিমাল: বোনকে আশ্রয়কেন্দ্রে নিতে ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২৪, ০৬:৩৩ পিএম

ঘূর্ণিঝড় রিমালের হাত থেকে বোন ও ফুফুকে রক্ষা করতে গিয়ে মো. শরীফ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় থাকেন। ওই বাড়িতে তার বোনও ছিলো। রবিবার দুপুর ২টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যায়। এ সময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা প্লাবিত ছিল। সাতার কেটে তারা ফুফুর বাড়ি থেকে ফেরার সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যায়। পরে দুই ঘণ্টা পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। তথ্যটি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা রবিউল ইসলাম।  


ঘূর্ণিঝড় রিমাল এই মুহুর্তে পায়রা সমুদ্র বন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়া উপকূল অতিক্রম করতে পারে। তাই পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। রিমালের প্রভাবে গতকাল মধ্যরাত থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় প্রবল বেগে ঝড়ো হওয়া বইছে। বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে আছে। সৈকতের তীর আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। দুপুরের জোয়ারে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত