অটোর ভাড়া ২০ কোটি, কামিন্সকে খোঁচা শ্রেয়াসের

আপডেট : ২৬ মে ২০২৪, ০৬:৪৪ পিএম

আইপিএল ফাইনালকে নিয়ে শনিবার কলকাতা এবং হায়দরাবাদ দলের অধিনায়কের ফটোশুট ছিল। সেখানেই হায়দরাবাদের অধিনায়ককে প্যাট কামিন্সকে তার দাম নিয়ে খোঁচা দিলেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আয়ার। অটোর ভাড়া চেয়ে বসলেন ২০ কোটি টাকা।

ম্যাচের আগে আইপিএল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে কামিন্স বলেন, 'এই প্রথম বার আমি টুকটুকে চড়তে চলেছি।' শ্রেয়াস হাসতে হাসতে বলেন, 'আমি আগে চালাতাম।' এর পর কামিন্স জিজ্ঞাসা করেন, 'কত ভাড়া হয়েছে'। শ্রেয়স উত্তর দেন- ২০ কোটি টাকা।

ভিডিয়োয় আরও বিভিন্ন বিষয়ে মজা করতে দেখা গিয়েছে দুই ক্রিকেটারকে। কামিন্স জানান, চেন্নাইয়ের প্রবল গরমে তিনি ক্লান্ত। সারাক্ষণ ঘাম হচ্ছে। কিন্তু সময়টা বেশ উপভোগ করছেন। এ-ও জানান, শ্রেয়াসের কাছে সুন্দর গাড়ি রয়েছে। তিনি চাইলেই সেই গাড়িতে চাপিয়ে আনতেন।

দুই ক্রিকেটার পৌঁছন চিপকের বিচে। কামিন্স শ্রেয়াসকে প্রশ্ন করেন তিনি আগে ক’বার এসেছেন? শ্রেয়াস জানান, আগে বেশ কয়েক বার এলেও এখন সেভাবে হোটেল থেকে বেরোন না। এরপর দুই ক্রিকেটার একটি নৌকায় বসে ছবি তোলেন। সেখানেও চলে একপ্রস্ত মজা। শ্রেয়াস কামিন্সকে জিজ্ঞাসা করেন, ২০১৪ সালে কেকেআরের আইপিএলজয়ী দলে থাকার অনুভূতি কেমন ছিল। কামিন্স জানান, তিনি মাত্র একটি ম্যাচে খেলেছিলেন। কিন্তু অভিজ্ঞতা ছিল খুবই ভাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত