অবশেষে পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত সিনেমা ‘আনোরা’। যদিও ছবিটি আলোচনায় সে অর্থে ছিল না। কিন্তু জিতে নিল সেরার পুরস্কার। ছবির নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন পরিচালক জর্জ লুকাস। এর আগে তার হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন আরেক কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা।
শন বেকার পুরস্কারটি উৎসর্গ করেছেন, ‘সব যৌনকর্মীকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ’। পুরস্কার জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় শন বেকার বলেন, ‘আজ রাতে কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না!’এবারের কান উৎসবে একের পর এক চমক দেখিয়েছে ভারত। আঁ সার্তে রিগায় বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। কনস্ট্যানটিন বোঁজ্যনভের ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি। মূল প্রতিযোগিতা বিভাগেও চমকে দিল ভারতীয় সিনেমা।
চলতি বছর কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’। কানে প্রদর্শনীর পর ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এই ছবি। ৩০ বছরের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা, যা কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে নিজের জায়গা করে নিয়েছিল, আর নিয়েই জিতল গুরুত্বপূর্ণ পুরস্কার। সিনেমাটিতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন। সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন পর্তুগালের মিগুয়েল গোমেজ। পিরিয়ড-ড্রামাধর্মী সিনেমা ‘গ্রান্ড ট্যুর’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এবারের উৎসবের আলোচিত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এর চার অভিনেত্রী অ্যাড্রিয়ানা পাজ, যোয়ি সালদানা, সেলেনা গোমেজ ও ক্লারা সোফিয়া গ্যাসকন। সিনেমাটির নির্মাতা স্বর্ণ পামজয়ী ফরাসি পরিচালক জ্যাক অডিয়াঁর।
‘কাইন্ডস অব কাইন্ডনেস’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন অভিনেতা জেসি প্লেমনস। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন কোরালি ফারজাঁ।
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তার ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চলতি মাসেই তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড মাথায় নিয়েই ইরান থেকে পালিয়ে কান উৎসবে হাজির হয়েছেন তিনি।
এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে গ্রেটার নেতৃত্বে কাজ করেছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা, ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি।
