সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজিজ-বেনজীর কাদের সৃষ্টি? তাদের (সরকার)
সৃষ্টি।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজিজের অবস্থান কোথায় ছিল? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। এখন বেনজীর আহমেদের হাজার হাজার অপকর্ম বের হচ্ছে, সবই লুটের ফিরিস্তি।
বিএনপি মহাসচিব বলেন, শুধু একটা বা দুইটা নয়; এমন অসংখ্য ঘটনা আছে। চারিদিকে তাকিয়ে দেখবেন শুধু দুর্নীতি ছাড়া কিছু নেই। শুধু ঢাকা নয়, সারাদেশের একই চিত্র। মধ্যরাতের নির্বাচনে নির্বাচিত এমপিরা এখন টাকার ভারে মারা যাওয়া অবস্থা।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ করেছিলাম দেশকে স্বাধীন করার জন্য। আর এখন আমাদের লড়াই দেশকে রক্ষা করার জন্য। এই লড়াইয়ে যদি পরাজিত হই, তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাবো।
