সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞায় পড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর। তিনি বলেন, ‘সাবেক সেনাপ্রধান আজিজ (আজিজ আহমেদ) কাদের সৃষ্টি? আজিজের অবস্থান ছিল কোথায়? তাকে টেনে তোলা হয়েছে কোথায়? বেনজীর আহমেদের হাজার হাজার কোটি টাকা কোথা থেকে বের হচ্ছে? শুধু একটা-দুইটা নয়, এ রকম অসংখ্য ঘটনা আছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীর উত্তমের ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান’।
বিএনপি মহাসচিব বলেন, ‘চতুর্দিকে তাকিয়ে দেখবেন দুর্নীতি ছাড়া আর কিছু নেই। শুধু ঢাকায় নয়, মফস্বলে এই দুর্নীতিবাজরা বাস করছে। তাদের তথাকথিত স্থানীয় সরকারের নির্বাচনে নির্বাচিত, মধ্যরাতের নির্বাচনে নির্বাচিত তথাকথিত এমপি-টেমপিরা আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে। তাদের মারা যাওয়ার অবস্থা। এরা সব বিদেশে বাড়ি করে, ভূমি প্রতিমন্ত্রীর নাকি লন্ডনে ৩৬৫টা বাড়ি?’
তিনি বলেন, ‘এরা (আওয়ামী লীগ) পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। মুখে যতই কথা বলুক, এদের কোনো অস্তিত্ব নেই। সময় হয়ে গেছে। তাদের লক্ষ্য একটাই, লুট করো। পঞ্চদশ সংশোধনী করে বাংলাদেশের ১২টা বাজানো হলো। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন বদলিয়ে দলীয় সরকার নিয়ে এলো। আজ সেই ক্ষমতাকে ভোগ করা, লুট করার কাজই করছে তারা।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এখানে কথা বলাও বিপদ, চলাও বিপদ, আন্দোলন করাও বিপদ। এর মধ্যেই বিপদ কাটিয়ে আমাদের সাহস করে রুখে দাঁড়াতে হবে, ন্যায্য দাবিটা আদায় করতে হবে।’
বিএনপির হারানোর কিছু নেই, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা এতদূর এসেছি। এত নিপীড়ন-নির্যাতন, মামলা-মোকদ্দমার পরও আমাদের লোকদের একজনকেও টলাতে পারেনি। পেরেছে? একটা-দুইটা (ব্যারিস্টার শাহজাহান ওমর) থাকে সব সময়।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন, কিন্তু মাথানত করেননি এ কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘তিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। তাকে ও দেশমাতৃকাকে মুক্ত করার দিকে এগিয়ে যেতে হবে। নতুন চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে। এ চিন্তার মধ্যে এ দেশের মানুষ, পৃথিবী, ভূরাজনীতি সব সামনে এনে সুনির্দিষ্টভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনায় বিএনপির শামসুজ্জামান দুদু, ফজলুর রহমান, আবদুস সালাম, মজিবুর রহমান সারোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, জয়নাল আবেদীন, জহির উদ্দিন স্বপন প্রমুখ বক্তব্য দেন।
