নড়াইল সদর উপজেলার দূর্বাজুড়ি এলাকায় ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কের পাশ থেকে রেজানুর রহমান জালাল (৭৪) নামে এক বৃদ্ধের মরদেহ করেছে পুলিশ। বুধবার (২৯ মে) সকালে নড়াইলের তুলামাপুর হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃত ব্যক্তি নরসিংদী জেলার বেলাব এলাকার বাসিন্দা। মানসিকভাবে অসুস্থ ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারে বলে পুলিশ মনে করছে। তবে মৃত্যুর সঠিক কারণ বের করতে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নড়াইল হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় লোকজন সদরের দুর্বাজুড়ি এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তুলারামপুর হাইওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, পিবিআই এর মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে। পরিবার থেকে জানানো হয়েছে, তিনি (রেজানুর রহমান) মানসিকভাবে অসুস্থ। কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে সড়কে কোন যানবাহন দুর্ঘটনায় তিনি মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
