সুজনের দলে জায়গাটা প্রাপ্য: কাবরেরা

আপডেট : ৩০ মে ২০২৪, ০৯:৩০ পিএম

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের দুটো ম্যাচ বাংলাদেশের সামনে। আগামী ৬ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথ্য জানিয়ে ১১ জুন কাতারের দোহায় লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।  

দল ঘোষণার পর এ নিয়ে মন্তব্য করেছে বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা। এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। তাকে নিয়ে কাবরেরা বলেন, ‘সুজন মোহামেডানের হয়ে পুরো মৌসুম অসাধারণ খেলেছে। মোহামেডান লিগে রানার্স-আপ হয়েছে এবং দু'টি কাপ টুর্নামেন্টেও দ্বিতীয় হয়েছে। তাই সুজনের দলে জায়গাটা প্রাপ্য।’

কার্ড, ইনজুরি ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে দল গড়ায় চ্যালেঞ্জ ছিল বলে জানান কাবরেরা, ‘দল নির্বাচন প্রক্রিয়াটা সহজ ছিলো না। কয়েকজন খেলোয়াড়ের একটি করে হলুদ কার্ড আছে। আরেকটি হলুদ কার্ড দেখলে তাকে পরের ম্যাচে পাওয়া যাবে না। এসব দিকগুলো চিন্তা করে দল গড়তে হয়েছে। তবে বলতে পারি, দলে তারাই সুযোগ পেয়েছে, যাদের এ মুহূর্তে সেরাটা দেওয়ার ক্ষমতা রয়েছে।’

নিজেদের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সামনের দু'টি ম্যাচ নিয়ে অনেক ইতিবাচক। ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আমরা ইতিবাচক মনোভাব নিয়েই নামবো। এরপর দোহায় লেবাননের বিপক্ষে একটা ভালো ফলাফলের লক্ষ্য থাকবে। সব মিলিয়ে আমরা ভালো কিছুর আশা নিয়েই সামনের দু'টি ম্যাচ খেলবো।’

দলে খেলোয়াড়দের সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সুশান্ত এই মৌসুমে রহমতগঞ্জের হয়ে খুব ভালো খেলেছে। সেন্টারব্যাক পজিশন শক্তিশালী করতে সুশান্ত ও মোহামেডানের মেহেদী হাসানের ফেরাটা গুরুত্বপূর্ণ হবে। তারিক কাজী ও মোরসালিন চোট থেকে সেড়ে উঠে দলে ফিরেছে।’

দুই শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার নির্ভার থাকতে চাইবে বাংলাদেশ। এক বছর আগেও সাফের সেরা খেলোয়াড় হওয়া গোলকিপাার জিকোর দল থেকে বাদ পড়া নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি কাবরেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত