সৈয়দপুর বিমানবন্দর

রানওয়েতে দৌড়াচ্ছিল শিয়াল, ফ্লাইট অবতরণে ২৫ মিনিট দেরি

আপডেট : ৩১ মে ২০২৪, ১১:৪২ এএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ছোটাছুটি করায় একটি উড়োজাহাজ অবতরণে ২৫ মিনিট দেরি হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এ সময় রানওয়েতে একটি শিয়াল এদিক–সেদিক ছোটাছুটি করছিল। বিষয়টি উড়োজাহাজের পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান।বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দিলে নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর পৌনে নয়টার দিকে উড়োজাহাজটি অবতরণ করে।

এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বিষয়টি বড় ধরনের কিছু না। দ্রুত নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর নোজ হুইলে (সামনের চাকায়) ত্রুটি দেখা দেয়। ফলে রানওয়েতে পড়ে থাকা উড়োজাহাজটি সচল করার চেষ্টা করে বিফল হয় কর্তৃপক্ষ। পরে অচল উড়োজাহাজটি পার্কিং বেতে আনা হয়। প্রায় চার ঘণ্টা পর সৈয়দপুর-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত