কাতার বিশ্বকাপে উরুগুয়ের হয়ে মাঠ মাতিয়েছিলেন এডিসন কাভানি। তারপর থেকে আর মাঠে দেখা যায়নি তারকা এই স্ট্রাইকারকে। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ভেলেন্সিয়া হয়ে এখন আছেন বোকা জুনিয়র্সে। তবে অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। অবশেষে আড়াল থেকে বেরিয়ে এসে জানান দিলেন, আর খেলবেন না জাতীয় দলের হয়ে।
আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার কাভানি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন এ ফরোয়ার্ড।
সেখানে তিনি লিখেছেন, ‘নিঃসন্দেহে অনেক মূল্যবান সময় ছিল, আমার বলার এবং মনে রাখার মতো হাজার হাজার কথা ও স্মৃতি ছিল। তবে আজ আমি আমার ক্যারিয়ারের এই নতুন পর্যায়ে নিজেকে উৎসর্গ করতে চাই এবং যেখানে আমাকে থাকতে হবে সেখানে সবকিছু দিতে চাই।’
২০০৮ সালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন কাভানি। অভিষেকেই গোল করে বিশ্ব ফুটবলকে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন। এরপর একে একে গত দুই যুগ উরুগুয়ের জার্সিতে খেলেছেন ১৩৬ ম্যাচ। গোল করেছেন ৫৮টি। তার অ্যাসিস্ট সংখ্যা ১৭।
২০১১ সালে ছিলেন কোপা আমেরিকা জয়ী দলের সদস্য। উরুগুয়ের হয়ে তিনি সবশেষ মাঠে নেমেছিলেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে।
এরপর আর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি তার। আর কিছুদিন পরই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে তার দেশ। কিন্তু সেখানে কোচের পরিকল্পনাই নেই কাভানি। বয়সটাও পেরিয়েছে ৩৭। ক্লাবে পারফরম্যান্সটাও নেই আগের মতো। নাপোলি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব মাতিয়ে বর্তমানে খেলছেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে।
সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের হয়ে কাভানির সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই অবসরের ঘোষণা দিলেন এ তারকা স্ট্রাইকার। আপাতত সময়টা বোকা জুনিয়র্সের হয়ে উপভোগ করতে চান তিনি।
