রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, গুলি

আপডেট : ০১ জুন ২০২৪, ০১:৩৬ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধের আধিপত্য বিস্তার নিয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি-ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন পথচারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন। এ সময় অন্তত ২০ দোকান ও ১৫ বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়। গত বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার তারাব বাজার এলাকায় ঘটে এসব ঘটনা।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাব পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাব বাজার এলাকাটি একটি শিল্প ও জনবহুল এলাকা। এখানে চুরি, ছিনতাই, রোড ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে দুটি কিশোর গ্যাং গ্রুপ জড়িত। যার একটি গ্রুপের নেতৃত্বে দেয় তারাব উত্তরপাড়া এলাকার বকুল ভূঁইয়ার ছেলে শিমুল ভূঁইয়া। অপর গ্রুপের নেতৃত্বে রোবেল মিয়া, শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ ও আকবর বাদশা।

অপরাধ জগতের আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার বিকেলে কিশোর গ্যাং গ্রুপের প্রধান শিমুলকে মারধর করে রোবেল মিয়া, শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ ও আকবর বাদশা গ্রুপের লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যরা রামদা, চাপাতি, পিস্তলসহ নানা ধরনের অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাত ১০টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। একপর্যায়ে হামলাকারীরা তারাব বাজারের রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে। সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কহিনুর বেগম ও বাদল মিয়া নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে উভয় পক্ষের সন্ত্রাসীরা তারাব বাজারের বিভিন্ন দোকান এবং বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। তারাব বাজারে সাপ্তাহিক রূপকণ্ঠ পত্রিকা অফিস ভবনের গ্লাস ভাঙচুর করে তারা।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা দলবল নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। উভয় পক্ষের হামলাকারীদের সঙ্গে পুলিশেরও ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত