আনার হত্যায় তিন আসামি আবার ৫ দিনের রিমান্ডে

আপডেট : ০১ জুন ২০২৪, ০১:৫৫ এএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামিকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। আট দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার দুপুরে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আরও আট দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক শুনানি শেষে তাদের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এমপি আনার হত্যা মামলার তদন্তে ও আখতারুজ্জামান শাহীনের অবস্থান সম্পর্কে জানতে আজ শনিবার নেপাল যাচ্ছে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল। নেপালে রওনা হওয়ার আগে আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে এ বিষয়ে কথা বলতে পারেন তদন্ত দলের প্রধান। আদালত সূত্রে জানা গেছে, বিচারক শুনানির একপর্যায়ে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে জানতে চান। এ সময় দুই আসামি আমান ও তানভীর আইনজীবী নিয়োগে রাজি হলেও অস্বীকৃতি জানান শিলাস্তি রহমান। মামলা লড়তে তিনি আইনজীবী নিয়োগ করতে চান না। তবে কি আনার হত্যার ঘটনায় ফেঁসে যাওয়ায় চাপাকষ্ট বুকে নিয়ে আইনজীবী নিয়োগে অস্বীকৃতি জানাচ্ছেন তিনি। এর আগে গত ২৪ মে আদালতে শুনানির সময় কান্নাজড়িত কণ্ঠে নিজেকে নির্দোষ দাবি করেন আসামি শিলাস্তি রহমান।

এমপি আনার চিকিৎসা করার কথা বলে ১২ মে গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। কলকাতার অদূরে বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে এক রাত থাকার পর ১৩ মে দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার বন্ধু গোপাল ১৮ মে সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন। ২২ মে নিউটাউনের সঞ্জিবা গার্ডেনের ৫৬-বিইউ ফ্ল্যাটে আনার খুন হওয়ার কথা জানায় সিআইডি। এ ঘটনায় বাংলাদেশে তিনজন ও কলকাতায় একজনকে গ্রেপ্তার হয়েছে।

এদিকে, এমপি আনার খুনের রহস্য উদঘাটনে ২৬ মে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায়। পাঁচ দিন পর ৩০ মে তারা দেশে ফেরেন। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

ডিবি হারুনের অনুরোধে কলকাতার সঞ্জিবা গার্ডেন্সের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক ভাঙে দেশটির সিআইডি। সেখানে চার কেজির বেশি খণ্ডিত মাংসপিণ্ড পাওয়া যায়, যা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যাবে খণ্ডিত দেহ এমপি আনারের কি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত