চালা ইউপি চেয়ারম্যান

এবার পরিষদের পুকুরের মাছ বিক্রির টাকা আত্মসাৎ!

আপডেট : ০২ জুন ২০২৪, ১২:২৮ এএম

জেলেদের চাল আত্মসাতের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার ইউপির পুকুরের মাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউপি চেয়ারম্যান কাজী আবদুল মজিদের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের মাঘ মাসে ইউনিয়ন পরিষদের সামনের পুকুরের মাছ বিক্রি করা হয় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শুকুর আলীর কাছে। মাছ বিক্রির ৩৫ হাজার টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছেন।

সাবেক ইউপি সদস্য শুকুর আলী ইউপি সচিবের উপস্থিতিতে নগদ ৩৫ হাজার টাকার মাছ কেনার কথা নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইউপি সদস্য বলেন, পুকুরের মাছ বিক্রির টাকা সব ইউপি সদস্যের মধ্যে ভাগ করে দেওয়ার কথা ছিল। পরে সেই টাকা চেয়ারম্যান একাই আত্মসাৎ করেছেন।

মাছ বিক্রির টাকা পরিষদের কোথায় খরচ হয়েছে জানাতে পারেননি চালা ইউপি চেয়ারম্যান কাজী আবদুল মজিদ ও সচিব আবদুল বাছেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত