সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক শিক্ষার্থীর পায়ে লেগেছে। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র। ওই আওয়ামী লীগ নেতার নাম শওকত আলী। তিনি রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের মানবসম্পদবিষয়ক সম্পাদক।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারিক বলেন, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মকিমপুর বাজারে বাড়ির সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন শওকত আলী। অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুণকে দেখে দোকানে প্রবেশ করেন তিনি। এরপর শওকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিটি গিয়ে লাগে সেখানে থাকা কলেজছাত্র আল আমিনের পায়ে। পরে স্থানীয়রা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
