১৮ লাখ আয়কর ফাঁকি দিলেন সবজি বিক্রেতা!

আপডেট : ০২ জুন ২০২৪, ১০:০৭ পিএম

আয়কর ফাঁকি দেওয়া এখন কঠিন এ তথ্য নতুন নয়। কম্পিউটার সফটওয়্যার কাজে লাগিয়ে আয়করের হিসাব কষা শুরু হয়েছে অনেক দিন হলো। তবে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক পুরি-সবজি বিক্রেতার কর ফাঁকি ধরা পড়ার উপায় জানার খবর অনেককেই অবাক করেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, গত শুক্রবার আয়কর দপ্তর সায়নজি পুরিওয়ালা গাজিয়াবাদের মালিককে ১৭ লাখ ৮০ হাজার রুপির আয়কর নোটিস দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে ওই টাকা আয়কর বাবদ জমা করতে বলা হয়েছে।

জানা গেছে, ওই পুরি-সবজি বিক্রেতা যে বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিয়ে চলেছেন তা আয়কর বিভাগকে জানিয়েছিল জিএসটি বিভাগ। 

সূত্রের খবর, জিএসটি বিভাগ ওই পুরি-সবজি বিক্রেতার ওপর নজর রাখছিল। তাদের সন্দেহ হয়েছিল, ওই বিক্রেতা জিএসটি ফাঁকি দিচ্ছেন। তারা দোকানের অদূরে এআই চালিত ছোট রোবট বসিয়ে রেখেছিল। রোবট প্রতিদিনের বিক্রি সংক্রান্ত তথ্য জিএসটির আঞ্চলিক সদর দপ্তরে  পাঠায়, যা বিশ্লেষণ করে দোকানের বিক্রির অংকের একটি ধারণা পাওয়া যায়। আর ব্যবসায়ীর দেওয়া তথ্যের সঙ্গে রোবটের দেওয়া তথ্যের কোনো মিল নেই। 

সেই তথ্য আয়কর দপ্তরকে দেয় জিএসটি কর্তৃপক্ষ। আয়কর দপ্তর তথ্য বিশ্লষণ করে জানতে পারে বিগত কয়েক বছরে ওই ব্যবসায়ী প্রায় ১৮ লাখ রুপি কর ফাঁকি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত