কদিন বাদেই ঈদুল আজহা। বেশ আগে থেকেই ঘোষণা দিয়ে ঈদে প্রেক্ষাগৃহে আসছে তুমুল আলোচনায় থাকা ‘তুফান’ সিনেমা। ফার্স্ট লুক, টিজ এবং গান প্রকাশের পর শাকিব খানের এই সিনেমার আলোচনা এখন তুঙ্গে। সিনেমাটির সব কনটেন্ট এখন ট্রেন্ডিংয়ে! হল মালিকরাও মুখিয়ে রয়েছেন সর্বোচ্চ রেন্টালে সিনেমাটি মুক্তি দিতে।
ঠিক সেই মুহূর্তে আগে থেকে ঘোষণা দেওয়া সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও নিজেদের সরিয়ে নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না। নির্মাতা এম রাহিম কারণ হিসেবে জানালেন সময় স্বল্পতার
কথা। বললেন, ‘টানা শুটিং করেছি আমরা। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে।’
তুফানের দাপটে ভয় পেয়ে সরে গেল কিনা ‘জংলি’ এমন প্রশ্নের উত্তরে রাহিমের অকপট জবাব, ‘তুফান বনাম জংলি’ কখনোই আমরা সমর্থন করি না; বরং আমরা বিশ্বাস করি ‘তুফান ও জংলি’-তে।’
