উজিরপুরে ঝুঁকিপূর্ণ ২০ কেন্দ্র, আতঙ্কে ভোটার

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:৫৬ এএম

আগামী ৫ জুন চতুর্থ ধাপে বরিশাল জেলার  উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়ছেন। এদিকে, ভোটে ৮৪টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা নির্বাচন অফিসের কাছে অত্যাধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ তালিকা না থাকলেও উপজেলার বিভিন্ন স্থানে ২০টি কেন্দ্রের সাধারণ ভোটারদের মধ্যে শান্তিপূর্ণ ভোট প্রদান নিয়ে এক ধরনের আতঙ্ক রয়েছে। তারা ওই সব কেন্দ্রে ভোট গ্রহণের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছেন। ওই সব কেন্দ্রের শান্তিরক্ষা ও আতঙ্কমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য গত বৃহস্পতিবার একাধিক প্রার্থী নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

স্থানীয় লোকজন, ভোটার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার। তার মধ্যে ওটরা, জল্লা, সাতলা ও হারতার মতো প্রত্যন্ত পল্লীর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রয়েছে। যেখানকার যোগাযোগ অবস্থা অনেকটা পিছিয়ে।

হারতা ইউনিয়নের হারতা গ্রামের নির্মল মন্ডল (৩৪) বলেন, এলাকার ভোটকেন্দ্রগুলো প্রত্যন্ত পল্লীতে হওয়ায় বিশেষ এক প্রার্থী কেন্দ্র দখল করে কারচুপির পরিকল্পনা নিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে।

উজিরপুর উপজেলা নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, প্রত্যন্ত পল্লীর ভোট কেন্দ্রগুলোকে নজরদারির মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত