ছাত্রনেতার বিরুদ্ধে আ.লীগ নেতার সংবাদ সম্মেলন

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:৫৭ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। গত শনিবার রাতে তিনি নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করে বলেন, গত ৩১ মে রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফের ওপর যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সেটি মূলত ইয়াবা ব্যবসার টাকা ভাগবাটোয়ারা নিয়ে। এই হামলার পেছনে আমার কোনো ধরনের ইন্ধন নেই। বিষয়টি আমার জানাও নেই। সে পরিকল্পিতভাবে আমার পরিবারের দুই সদস্যকেও মামলায় আসামি করেছে।

সলমান বলেন, আমার পরিবারের মানসম্মান ও আমার ব্যক্তি ইমেজকে নষ্ট করার জন্য একটি কুচক্রী মহলের ইন্ধনে আমাকে জড়িয়ে ‘মাদকাসক্ত’ তায়েফ এখন যে মিথ্যাচার করছে এ জন্য আমি আইনগতভাবে ব্যবস্থা নেব। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ বলেন, ‘আগামীকাল (আজ সোমবার) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত