বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ বুধবার দেশ রূপান্তর কার্যালয়ে গোলটেবিল বৈঠক হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। এই গোলটেবিল বৈঠকের মিডিয়া পার্টনার দেশ রূপান্তর। আর সহযোগিতায় রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। দুপুর ১২টায় রাজধানীর বাংলা মোটরে দেশ রূপান্তরের সেমিনার কক্ষে বৈঠকটি শুরু হবে।
দেশের জনসংখ্যার ৩৩ দশমিক ৬৮ শতাংশ ফ্যাটি লিভারে আক্রান্ত, যা সংখ্যার হিসাবে প্রায় সাড়ে ৪ কোটি। এর মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠীর আক্রান্তের হার ৩০ শতাংশ। অন্যদিকে ৪০ থেকে ৬০ বছরের বেশি বয়সী ২৫ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত। দেশে মেদভুঁড়ি, ডায়াবেটিস, ডিজলিপিডেমিয়া বা রক্তে অতিরিক্ত চর্বি, হাইপারটেনশন বা অতিরিক্ত রক্তচাপ, হাইপোথাইরয়েডিজম আর নারীদের পলিসিস্টিক ওভারি ফ্যাটি লিভারে আক্রান্তের মূল কারণ। প্রতিবছর ৮ জুন ফ্যাটি লিভার দিবস বিশ্বব্যাপী পালন করা হয়।
এসব প্রেক্ষাপটেই আজকের গোলটেবিল বৈঠকের আয়োজন। দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুনের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. আহমেদুল কবির, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং, অনকোলোজি, বায়োটেক ও প্যালিয়েটিভ কেয়ার ডিভিশন) এসএম মাহমুদুল হক, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন, বিএসএমএমউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. শাহ মুনির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ বাছার।
এতে আরও উপস্থিত থাকবেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, বিএসএমএমইউয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের বিভাগীয় প্রধান ও বিএসএমএমইউর হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সম্প্রীতির বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, জাপানের ঔতা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চার ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি।
আলোচকদের মধ্যে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও লিভার বিশেষজ্ঞ ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর বিশ্বব্যাপী ফ্যাটি লিভার দিবস আয়োজনের অন্যতম উদ্যোক্তা। ২০১৮ সালে বিভিন্ন দেশের ১৫০ জন লিভার বিশেষজ্ঞ স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই দিবসটির সূচনা হয়।
