রাজধানীর হাতিরঝিলে আগামী শুক্রবার এবারের জয় বাংলা ম্যারাথান আয়োজন করা হয়েছে। এদিন ভোর ৫টায় হাফ ম্যারাথনে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩ হাজার ৫০০ দৌড়বিদ। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শিরোনামে হাফ ম্যারাথন আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ম্যারাথন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের সভাপতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআিই) প্রধান বনজ কুমার মজুমদার। পরে এই আয়োজনের জার্সি উন্মোচন করা হয়।
বনজ কুমার জানান, হাফ ম্যারাথন প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে পাঁচ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণেচ্ছু শুভাকাক্সক্ষীদের অনুরোধে এবং ভালোমানের সেবা দেওয়ার লক্ষ্যে অংশগ্রহণকারীর সংখ্যা সাড়ে তিন হাজারে সীমিত রাখা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিযোগীদের ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ২১.০৯৫ কিলোমিটির পথ পাড়ি দিতে হবে। দৌড় শুরু হবে হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্টে এবং সমাপ্ত হবে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের সামনে। প্রতিযোগীদের ওয়ার্মআপ সেশন চলবে ভোর সাড়ে ৪টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এবং লাইনআপ হবে ভোর ৪টা ৩৬ মিনিটে। দৌড় শুরু হবে ভোর ৫টায়।
