বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ভারতের নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের জনগণের রায় নিয়ে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। ভারতের জনগণ, ভোটাররা যাকে ভোট দেবে, মেজোরিটি হওয়ার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকার চলতে থাকবে, কে এলো, কে গেল এটা আমাদের বিষয় না।’ নোবেল বিজয়ী ড. ইউনুসের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে। সে আইন অনুযায়ী ড. ইউনুস বিচার পাবেন। আইনের কোনো ব্যত্যয় হবে না। মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তাকে কোনোভাবে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই।’
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা বাংলাদেশের আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ড. ইউনুসের আইন অনুযায়ী বিচার হবে। এখানে আইনের কোনো ব্যত্যয় হবে না।
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমনটা হয়নি। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কোনো হতাহতের খবর পাইনি।’ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন-সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান দলের সাধারণ সম্পাদক।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
