লুটপাটের জন্যই এই বাজেট প্রস্তাবিত হয়েছে: গণফোরাম

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:৪২ পিএম

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট জনগণকে ঋণের মহাসাগরে ডোবাবে বলে মন্তব্য করেছে গণফোরাম। সংগঠনটির সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, বাস্তবতা বিবর্জিত লোপাটের এই বাজেট লুটপাটের জন্য প্রস্তাবিত হয়েছে, জনগণের জন্য এই বাজেট ভয়ংকর ফাঁদ। বিদেশি ঋণনির্ভর এই বাজেটে জনগণ শুধু ভোগান্তিতে পড়বে। পক্ষান্তরে ঋণখেলাপি ও পাচারকারীরা চুরির বিজয়োল্লাস করবে।

বৃহস্পতিবার (৬ জুন) প্রস্তাবিত বাজেট নিয়ে তারা বলেন, এই বাজেট জনগণের বিবেচনায় হয়নি, এখানে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কিছুই নেই। বরঞ্চ আয়ের চেয়ে ব্যয় বেশি এই লুটেরা বাজেট বাস্তবায়ন করতে গিয়ে জনগণের ওপর নিপীড়নের মাত্রা বাড়াবে শেখ হাসিনা সরকার। বিগত বছরগুলোতে যেভাবে জনগণ নিষ্পেষিত হয়েছে ধারাবাহিকভাবে এই বাজেট নীলকরদের মতোই শুষে খাবে জনতার রক্ত।

তারা আরও বলেন, মানুষের ঋণের বোঝা বাড়ানো ঋণনির্ভর উচ্চবিলাসী প্রস্তাবিত বাজেট গণফোরাম প্রত্যাখ্যান করেছে। বেকার যুব সমাজের কর্মসংস্থান, নিম্নবিত্ত- নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য এই বাজেট মরার ওপর খাড়ার ঘা। অবৈধ সরকারের পদত্যাগ ব্যতীত জনবান্ধব বাজেট কখনোই সম্ভব নয়। তাই অবিলম্বে বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের জোর দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত