কয়েক ধাপ পিছিয়ে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে মো. ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমা। গত বুধবার সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, তার সঙ্গে এখানে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
নায়ক জানান, সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ করেছিলাম। এটা ঈদকে টার্গেট করেই বানান হয়েছিল যে কারণে ঈদের অপেক্ষায় করছিলাম। ঈদের দর্শকদের জন্য একটা প্রপার সিনেমা এটা। জিয়াউল রোশান দেশ রূপান্তরকে বলেন, ‘এটা একদম অ্যাকশন ফিল্ম। চমৎকার একটা গল্পের ছবি। পারিবারিক গল্প, প্রবাসীর গল্পের সংমিশ্রণ আছে। গল্পটা দর্শকদের পর্দায় ধরে রাখবে বলে বিশ্বাস করি। অ্যাকশন ফিল্ম আমার নিজের খুব পছন্দ, তা ছাড়া আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার অ্যাকশন সিনেমার আলাদা একটা দর্শক আছে। তাদের কাছে এই ছবিটা অনেক ভালো লাগবে। মনে হচ্ছে, ছবিটা দর্শক টানবে।’
সিনেমাটি নিয়ে তার প্রত্যাশাও অনেক বেশি, এমনটা জানিয়ে এই নায়ক বলেন, ‘বেপরোয়া সিনেমার পর এটা আমার ফুল ফ্লেজড অ্যাকশন সিনেমা। অ্যাকশন করতে বরাবরই আমি অনেক উপভোগ করি। এই ছবিটা নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। আমার সর্বশেষ যে সিনেমাটি মুক্তি পেয়েছে আমি কিন্তু সেটা দেখিনি, দেখতে যাইওনি। কিন্তু এই ছবিটা নিয়ে আমার আগ্রহ রয়েছে। আমি স্ট্রংলি বিশ্বাস করি, এখন পর্যন্ত ইকবাল ভাইয়ের (পরিচালক) যতগুলো সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে এই সিনেমাটি তার সেরা নির্মাণ। উনার আগের সিনেমাগুলো দর্শক কতটা পছন্দ করেছে জানিনা কিন্তু এই ছবিটা দর্শক পছন্দ করবে।’ ঈদে এখন পর্যন্ত তিনটি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে, যেমন তুফান, ময়ুরাক্ষী, রিভেঞ্জ। অন্য ছবির সঙ্গে এই ছবিটি কতটুকু প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করছেন, এমন প্রশ্নে রোশান বলেন, ‘তুফানের ট্রেলার দেখেছি, এটা একদম কমার্শিয়াল সিনেমা। আমাদের সিনেমাটিও একদম কমার্শিয়াল। রিভেঞ্জ ঈদেরই ছবি। নাচে-গানে ভরপুর মসলাদার সিনেমা যেখানে ড্যান্স আইটেম আছে, ধুম ধারাক্কা অ্যাকশন আছে। ঈদের আনন্দের জন্য একটা ছবিতে যা যা থাকা দরকার তার সবকিছুই এটাতে আছে। সেন্সর বোর্ড ছবিটি দেখে অনেক প্রশংসা করেছে, এমনকি আমার অভিনয়েরও প্রশংসা করেছে যেটা প্রচারণার ক্ষেত্রে অনেকটা সাহস দেবে।’
‘তুফান আগের থেকে তাদের হাইপটা ধরে রেখেছে। যেহেতু এখানে শাকিব ভাই আছে, রায়হান রাফি আছে, ছবিটা ভালো যাবে। তুফানের গল্প জানিনা কিন্তু আমাদের ছবির গল্পটা অনেক স্ট্রং, মেকিংও অনেক ভালো হয়েছে। এটার বিজিএম করা হয়েছে সাউথ (দক্ষিণ ভারত) থেকে। আমি শক্তভাবে বলতে পারি দর্শকদের কাছে ছবিটা ভালো লাগবে।’ যোগ করেন রোশান।
এই সিনেমা ছাড়াও এই নায়কের মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পুলসিরাত’, ‘মায়া দ্য লাভ’, ‘প্রেম পুরাণ’, ‘এক্সকিউজ মি’, ‘লন্ডন লাভ’, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। এ ছাড়াও নতুন দুটি সিনেমা নিয়ে কথা হচ্ছে বলেও জানান রোশান। সিনেমার বাইরে একটি ওয়েব ফিল্মেও তাকে দেখা যাবে। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই ফিল্মের নাম ‘হাইড অ্যান্ড সিক’।
