মামির লাশ দেখতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে যুবক খুন

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৮:৩০ পিএম

মামির লাশ দেখতে গিয়ে নারায়ণগঞ্জের বন্দরে মনিরুজ্জামান মনু (৪২) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৭ জুন) বেলা ১১টার দিকে বন্দর উপজেলার মদনপুরের মুরাদপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।  

পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সন্ত্রাসী মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জন মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহত মনুর স্ত্রী সাবিনা দাবি করেন। নিহত মনু নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুর এলাকার মৃত কামালুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহত মনুর ছেলে মিনহাজ ও ভাগ্নি মুনমুন জানান, সোনারগাঁও কুতুবপুর মামির জানাজা শেষে শুক্রবার বেলা ১১টার দিকে মনিরুজ্জামান মনু নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল মনুকে ঘর থেকে বের করে প্রথমে মাথায় গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

তবে এলাকাবাসী জানান, নিহত মনু মদনপুর মুরাদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার পরিবারের মধ্যে আবুল পুলিশের ক্রসফায়ারে নিহত হন। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত মনুর ভাই  নুরুজ্জামান নুরা ও বাবুল আক্তার এবং বড় বোন নিলুফা অপর সন্ত্রাসী গ্রুপের হাতে খুন হয়েছেন। তারপর থেকে মনু কাপাসিয়ায় বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার মনু পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুরের কুতুবপুর এলাকায় তার মামি মারা যাওয়ার খবর পেয়ে ওই বাড়িতে যান। শুক্রবার সকালে মনু নিজ বাড়িতে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। 

বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, পূর্বশত্রুতার জের ধরে মনিরুজ্জামান মনুকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত