চলতি বছর দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের তিনটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সাত দলের অনূর্ধ্ব-২০ মেন্স সাফ চ্যাম্পিয়নশিপ হবে নেপালে আগামী ১৬ আগস্ট থেকে ২৮।
আর অনূর্ধ্ব-১৭ বয়েজ সাফ চ্যাম্পিয়নশিপ ভুটানে হবে ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া অক্টোবরে হবে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এই তিন আসরের ড্র অনুষ্ঠিত হয়।
অনূর্ধ্ব-২০ মেন্স আসরের 'এ' গ্রুপে আয়োজক নেপালের সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া 'বি' গ্রুপে আছে গত আসরের (অনূর্ধ্ব-১৯) চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও ভুটান। দুই গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে।
একই ফরম্যাটে হবে অনূর্ধ্ব-১৭ বয়েজ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে। গত বছর অনূর্ধ্ব-১৬ আসরের সেরা ভারত ও মালদ্বীপ আছে এই গ্রুপে। 'বি' গ্রুপ হয়েছে আয়োজক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে।
