নিখোঁজের ১৮ ঘণ্টা পর চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার একটি খাল থেকে ৮ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৯ জুন) সকাল ১০টার দিকে স্থানীয় নাছির খাল থেকে সাহেদুল ইসলাম নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের ১৮ ঘণ্টা আগে শিশুটি নগরের ডবলমুরিং থানা এলাকার একটি নালায় পড়ে নিখোঁজ হয় বলে জানিয়েছে পুলিশ।
সাহেদুল নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের সিডিএ কলোনী এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার বাবা রিকশাচালক।
বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, গতকাল শনিবার বিকেল ডবলমুরিং থানা এলাকায় নালায় পড়ে এক শিশু নিখোঁজ হন। এর পর থেকে পরিবারে সদস্যরা খোঁজ নিতে থাকেন। আজ রবিবার সকালে বন্দর থানাধীন নাছির খাল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
