স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় পাথরবাহী ট্রাকের ধাক্কায় আরিয়ান শীল (৯) নামে এক শিশুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (৯ জুন) সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বদুর পাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
আরিয়ান উত্তর গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টমেট্রো শ ১১- ৩৪৯৫ নম্বরের একটি ট্রাকের ধাক্কায় আরিয়ানের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জিইসি মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
সেখানেই শিশুটির পায়ের অপারেশন হবে বলে জানিয়েছেন উত্তর গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন সোহরাওয়ার্দী।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান দেশ রূপান্তরকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
