টি-টোয়েন্টি বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশ সময় বুধবার সকালে (৬টা ৩০ মিনিট) অস্ট্রেলিয়া খেলবে নামিবিয়ার বিপক্ষে। টি-টোয়েন্টি ফরম্যাটে এই প্রথমবার অস্ট্রেলিয়া খেলবে আফ্রিকার দেশটির বিপক্ষে। এর আগে এই দুই দল একবারই মুখোমুখি হয়েছিল। সেটি ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে। সেই ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে অলআউট করে অস্ট্রেলিয়া জিতেছিল ২৫৬ রানে।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। ম্যাচে নামিবিয়ার করা ১১৯ রান অস্ট্রেলিয়া টপকে যায় মাত্র ১০ ওভারে, ৭ উইকেট হাতে রেখে। এই ম্যাচে যে ফেবারিট মিচেল মার্শের অস্ট্রেলিয়া তা আর না বললেও চলবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দলগুলোর মধ্যে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ভুগেছে, হেরেছে ম্যাচ। তবে অস্ট্রেলিয়া আছে সঠিক পথে। বি গ্রুপে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওমানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে অজিরা। এরপর হারায় ইংল্যান্ডকেও। আজ নামিবিয়াকে হারালেই সুপার এইটে উঠে যাবে অস্ট্রেলিয়া।
কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘নামিবিয়ার বিপক্ষে জিতলে সুপার এইট নিশ্চিত হবে। সুপার এইট নিশ্চিত হয়ে গেলে আমরা ভাবব (কিছু খেলোয়াড় বিশ্রাম দেওয়া) বিষয়টি নিয়ে।’ ইংল্যান্ডের সুপার এইটে যাওয়া শঙ্কায় আছে। তাই নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডকে নিয়ে প্রশ্ন করা হলে অ্যান্ড্রু বলেন, ‘আমাদের ফোকাস ইংল্যান্ডের ওপর নয় যে, তারা কোন অবস্থানে আছে। আমরা তাদের সঙ্গে খেলে জিতেছি। আমরা ভাবব আমাদের পরবর্তী ম্যাচগুলোতে কী করতে হবে।’
অস্ট্রেলিয়া স্কোয়াডে থাকা টিম ডেভিডের নামিবিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। ২০১৯ সালে টিম ডেভিড খেলতেন সিঙ্গাপুরের হয়ে। তখন বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ১৯ রান করেছিলেন টিম ডেভিড। অবশ্য ম্যাচটি জিতেছিল নামিবিয়া। নামিবিয়া দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ভিসে। ৩৮ বছরের এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে সবগুলোই ছিল দক্ষিণ আফ্রিকার হয়ে।
নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড ইরাসমাস বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে সবাই মুখিয়ে আছে। গেল দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। এই দুই দলের বিপক্ষে আপনি সব সময়ই খেলতে চাইবেন। আর নিজের ছাপ রাখতে চাইবেন।'
ম্যাচের দিন আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই।
