তীব্র গরম নিয়ে হজযাত্রীদের সতর্ক করল সৌদি আরব

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:৩০ এএম

এক দিন বাদেই শুরু হচ্ছে পবিত্র হজ। গতবারের মতো এবারও প্রচ- গরমের ভোগান্তি সঙ্গী হচ্ছে হজযাত্রীদের। হজের সময়ে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। তাই এ সময় মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে হজযাত্রীদের।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল আলি বলেছেন, উচ্চ তাপমাত্রা এ বছরের হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। অতি গরম থেকে সুরক্ষিত থাকতে হজযাত্রীদের তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। হজের সময় গরম থেকে বাঁচতে ছাতা ব্যবহারের পাশাপাশি বেশি বেশি পানি পান এবং প্রয়োজন ছাড়া হাজিদের বাইরে না যাওয়ার পরামর্শ দেন মুখপাত্র।

সৌদি আবহাওয়া অফিস জানায়, হজের সময় মক্কার তাপমাত্রা ৪৫-৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতবারও হজের সময় তীব্র গরম ছিল। সেবার ৯ জিলহজ তারিখে আরাফাতের ময়দানে অবস্থানকালে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হন। এবারও একই ধরনের গরম থাকতে পারে।

এদিকে এবারের হজের সব প্রস্তুতি শেষ করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে গত সোমবার মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আবদুলআজিজ বিন সৌদ বিন নায়েফ। এবারের হজের জন্য নেওয়া বিভিন্ন নিরাপত্তামূলক প্রস্তুতি তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। সেখানে বক্তব্য দেন জননিরাপত্তা বিভাগের পরিচালক ও হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি।

হজের কার্যক্রম নির্বিঘ্ন করতে অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিকদের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। ভুয়া অনুমতিপত্র নিয়ে হজ করতে আসায় ইতিমধ্যে পাকিস্তান ও মিয়ানমারের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। অবৈধভাবে মক্কায় প্রবেশকারী কয়েক হাজার ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে স্থানীয় পুলিশ।

আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। পরদিন আরাফাতের ময়দানে হবে হজের মূলপর্ব। এবার প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করবেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে গেছেন ৮২ হাজার ৭৭২ জন। গতকাল বুধবার শেষ হয়েছে হজ ফ্লাইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত