সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ একুশে আগস্ট গ্রেনেড হামলা-মামলার ১৫ সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দীন, হারিছ চৌধুরী (প্রয়াত) ও রাতুল আহম্মেদ বাবু ওরফে রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করা আছে।
গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।
সরকারদলীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ৫২ জনকে আসামি করে দুটো অভিযোগপত্র দাখিল করা হয়। ওই মামলার রায় ঘোষণার আগে অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে তিনজন আসামির অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত ২০১৮ সালের ১০ অক্টোবর এই রায় ঘোষণা করে। বিচারে ৪৯ আসামির সাজা হয়, যার মধ্যে ১৯ জনের মৃত্যুদন্ড, ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদ- হয়। সাজাপ্রাপ্ত ৪৯ আসামির মধ্যে ৩৪ আসামিকে আটক করা হয়েছে।
স্বতন্ত্র সংসদ সদস্য হামিদুল হক খন্দকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের আর্থিক সহায়তার সমীক্ষা সম্পন্ন করে পিডিপিপির বিষয়ে চীন সরকারের মূল্যায়ন প্রতিবেদন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে বড় আকারের ভূমি উন্নয়ন ও ব্যবহার এবং নৌ-চলাচল ব্যবস্থার উন্নয়নের বিষয়ে অধিকতর বিশ্লেষণ না থাকা এবং বড় আকারের বিনিয়োগের বিষয়গুলো উল্লেখ করা আছে। তিনি বলেন, চীন সরকার প্রকল্পটি পর্যায়ভিত্তিক বাস্তবায়নের জন্য আরও বিশদ সমীক্ষার বিষয়ে পরামর্শ প্রদান করে। ‘পাওয়ার চায়না’ কর্তৃপক্ষ চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৭ আগস্ট সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিক বজ্রপাতপ্রবণ ১৫টি জেলায় বজ্রপাতের ফলে সৃষ্ট প্রাণহানি রোধে বজ্রনিরোধক ব্যবস্থা গ্রহণ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান আছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৬ হাজার ৭৯৩টি বজ্রনিরোধক দন্ড বা বজ্রনিরোধক ছাউনি স্থাপন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রতিষ্ঠিত অপরাধ ট্রাইব্যুনালে ৫৬ মামলা নিষ্পত্তি হয়েছে এবং ১৫৩ আসামির মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে সঠিক বিচারের নিশ্চয়তা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধনী, গরিব নির্বিশেষে সবার জন্য সমতার ভিত্তিতে সুবিচার নিশ্চিত করা এবং বিচারব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।
সরকারদলীয় সংসদ সদস্য চয়ন ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর নারীবান্ধব বিভিন্ন নীতি-কার্যক্রম বাস্তবায়নের ফলে নারী শিক্ষার্থীদের সুবিধা প্রভূত বেড়েছে। এতে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী ও নারী শিক্ষকের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে প্রশিক্ষিত নারী শিক্ষকের সংখ্যাও বেড়েছে।
সরকারদলীয় সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মেগা ডিজিস্টার মোকাবিলার লক্ষ্যে চীনের সহযোগিতায় ঢাকার তেজগাঁও এলাকায় এক একর জমির ওপর একটি অত্যাধুনিক ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৮ রিক্টার স্কেলের অধিক ভূমিকম্প-সহনীয় এই ভবনের জন্য প্রকল্প প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু হবে।
একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। এজন্য ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি বিশদ পরিকল্পনা এবং কৌশল প্রণয়ন করেছে। তিনি আরও বলেন, সরকার বন্যাসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে; যেমন বন্যা ও আপৎকালীন দুস্থ ও অসহায় জনগণের আশ্রয়ের জন্য বন্যা আশ্রয়কেন্দ্র, মুজিব কিল্লা নির্মাণ এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জন্য উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
