নেদারল্যান্ডস ম্যাচের উইকেট বুঝতে পারছেন না শান্তরা

আপডেট : ১৩ জুন ২০২৪, ১২:৩৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আজ খেলবে কিংসটাউনের আর্নোস ভেল স্টেডিয়ামে। এই মাঠে বাংলাদেশের সবশেষ ২০১৪ সালে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ হচ্ছে লো স্কোরিং। আজ আর্নোস ভ্যালের উইকেট যেমনই হোক সেটির প্রভাব পড়বে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলে।

উইকেটে কেমন রান হতে পারে, এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'এটা আসলে বলা মুশকিল। আমরা সেন্টারে (পিচ) ব্যাটিং করেছি। সেন্টারের দুই উইকেট দুই রকম আচরণ করছে, ব্যাটারদের কাছ থেকে যে ফিডব্যাক পেলাম বা আমি যখন ব্যাটিং করলাম। আশা করবো ভালো উইকেটেই খেলা হবে। আসলে যেমন উইকেট থাকবে সেটা মানিয়ে নিয়েই খেলার চেষ্টা করবো।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হারের কারণ ব্যাটিং ব্যর্থতা। টপ অর্ডারে কেউ তেমন রান পাচ্ছেন না। সাকিব ব্যাটিংয়ে ভুগেছেন দুই ম্যাচেই।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে শান্ত বলেছেন, 'সত্যি কথা বললে ২-৩ জন ভালো ব্যাটিং করছে। লিটন একটা ইনিংস ভালো ব্যাটিং করেছে, হৃদয় এখন পর্যন্ত ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই ভালো ছন্দে আছে। টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে ভালো করছে ওইদিনটাতে ওর খেলা শেষ করা গুরুত্বপূর্ণ।'

দলের ৭ জন ব্যাটসম্যানই ভালো খেলবেন, এমনটি আশা করেন না বাংলাদেশ দলের অধিনায়ক। অবশ্য টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বেশি ভালো পারফরম্যান্সের আশাবাদী শান্ত।

বলেছেন, 'আমি কখনই আশা করি না যে ৭ জন ব্যাটারই ভালো খেলবে। আমি চাই যে ব্যাটারটা থিতু হচ্ছে সেটা টপ অর্ডারে হতে পারে, মিডল অর্ডারে হতে পারে, যেন খেলাটা শেষ করে আসে। অবশ্যই উপর থেকে ভালো হলে ভালো। আমি চাই যে ব্যাটার সেট হচ্ছে সে যেন খেলাটা শেষ করে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত