ফ্লোরিডার বন্যায় আটকা পাকিস্তানের স্বপ্ন

আপডেট : ১৪ জুন ২০২৪, ০২:১৮ এএম

বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্বের ম্যাচগুলো খেলতে দলগুলোর গন্তব্যস্থল লিওনেল মেসির বর্তমান আবাসস্থল ফ্লোরিডা। সেখানে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ‘এ’ গ্রুপের সবকটি দল। এর মধ্যে সবার চোখ শুক্রবারের আইরিশদের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে। এই গ্রুপ থেকে পরের পর্বে যাওয়া নিশ্চিত হয়েছে ভারতের। 

তাদের সঙ্গে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ডের মধ্যে যেকোনো একটি দল হাতে পাবে সুপার এইটের টিকিট। কাগজে-কলমে টিকে রয়েছে এদের প্রত্যেকেই। তাই ফ্লোরিডার ম্যাচগুলো ‘এ’ গ্রুপের চারটি দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে ফ্লোরিডার আবহাওয়ার যে অবস্থা তাতে ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। ভেস্তে গেছে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচও। ফ্লোরিডায় তুমুল বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট তলিয়ে আছে পানিতে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আশঙ্কা জারি করা হতে পারে জরুরি অবস্থাও।

এমন অবস্থায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান। কেবলমাত্র যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটি মাঠে না গড়ালেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে পাকিস্তানের। পণ্ড হওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই সুপার এইট নিশ্চিত করে ফেলবে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। মার্কিনিরা আইরিশদের সঙ্গে ম্যাচ খেলে হারলেও যদি পরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তবুও কপাল পুড়বে পাকিস্তানের। সেক্ষেত্রেও ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠবে যুক্তরাষ্ট্র। যেকোনো এক ম্যাচ পণ্ড হলে বা হেরে গেলে বাড়ি ফেরার পথ ধরতে হবে আইরিশদের। আর সবশেষ সুপার এইটে যেতে হলে ভারতকে হারাতে হবে কানাডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত